প্রতারণা করে শতকোটি টাকা আত্মসাৎ, অভিযুক্ত জিয়াউদ্দিন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার জিয়াউদ্দিন জামান
ছবি: র‌্যাব

প্রতারণার মাধ্যমে সিরামিক ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শতকোটির অধিক টাকা আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে জিয়াউদ্দিন জামানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১-এর অভিযানে জিয়াউদ্দিন জামানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বিভিন্ন ব্যাংকের ৩৭টি চেক বই, ৬ বোতল বিদেশি মদ, ৯৯ হাজার টাকার জালনোটসহ ২০০ কোটি টাকা নেওয়ার ভবিষ্যৎ পরিকল্পনা-সংক্রান্ত নথিপত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউদ্দিন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে প্রতারিত করার বিভিন্ন বিষয়াদি ও কৌশল সম্পর্কে তথ্য দেন।

গ্রেপ্তার জিয়াউদ্দিন ১২টি প্রতিষ্ঠানের কর্ণধার, অর্থাৎ চেয়ারম্যান বা এমডি হিসেবে দাবি করে থাকেন। নিজেকে জাহির করার লক্ষ্যে এ ধরনের তথ্যসংবলিত ভিজিটিং কার্ড তৈরি করেছেন বলে জানান। এ ছাড়া তাঁর অস্ট্রেলিয়া, চীন, হংকং, ওমান ও দুবাইয়ে নানাবিধ ব্যবসা রয়েছে বলে বিভিন্ন মহলে ভুয়া প্রচারণা চালান জিয়াউদ্দিন। তিনি বিভিন্ন ব্যক্তিকে কৌশলে প্রলুব্ধ করে ব্যবসায়িক পার্টনার বানানোর নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এ ছাড়া শতাধিক ব্যক্তিকে নানাভাবে প্রতারিত করার বিষয়ে জানা যায়।

জিয়াউদ্দিন জামান
ছবি: র‌্যাব

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউদ্দিন জানান, তিনি ২০১৪ সালে ফোসান সিরামিক লিমিটেড স্যানিটারি প্যাড, হাইলেডি স্যানিটারি ন্যাপকিনসহ নানাবিধ পণ্যের আকর্ষণীয় টিভিসির মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করে প্রতারিত করতেন। ব্যবসায়িক অংশীদার বানানোর লোভ দেখিয়ে বিভিন্ন ভুক্তভোগীর কাছে কয়েক শ কোটি টাকা আত্মসাৎ করেন। এভাবে ব্যবসায়িক অংশীদারের প্রস্তাব দিয়ে তিনি শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ১৭০ কোটি টাকা আত্মসাৎ করেন। তিনি বেশ কয়েকটি ব্যাংক থেকে তাঁর নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ নেন।

এর উল্লেখযোগ্য অংশ তিনি মানি লন্ডারিং করে বিদেশে পাচার করেছেন, এমনটা র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জিজ্ঞাসাবাদে জিয়াউদ্দিন জানান, প্রতারণার কৌশল হিসেবে ব্যবসায়ীদের দামি ও আকর্ষণীয় গিফট প্রদান করতেন। পরবর্তীকালে তাঁদের বিদেশে তাঁর (জিয়াউদ্দিন) তথাকথিত ভুয়া মালিকানাধীন টাইলস ফ্যাক্টরিতে ভ্রমণের ব্যবস্থা করতেন।

মধ্যপ্রাচ্যের একটি দেশের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাঁর সখ্য রয়েছে বলে প্রচার করতেন জিয়াউদ্দিন। বিভিন্ন প্রকল্পের নামে কয়েক শ একর জমি লিজ নিয়ে সেটিকে তাঁর নিজস্ব সম্পত্তি বলে প্রচার করতের। এসব দেখে অনেকেই বিভ্রান্ত হতেন।