প্রতারণা-জালিয়াতির মামলার দায়িত্বে ফের পুলিশ
প্রতারণা ও জালিয়াতির মামলা তদন্তের এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছ থেকে পুলিশের কাছে দিতে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল ২০১৬ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হয়েছে। জনবলের অভাবে দুদক এসব অভিযোগের তদন্ত না করায় মামলার বিচারকাজ নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে দায়িত্বটি পুলিশের হাতে দিতে আইনে সংশোধন আনা হয়েছে। সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি পাসের জন্য উত্থাপন করেন।
বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ, নুরুল ইসলাম মিলন, নুরুল ইসলাম ওমর, মো, ইলিয়াস ও নুর-ই-হাসনা লিলি চৌধুরী এবং স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। তাঁরা বলেন, দুদকেই দুর্নীতিবাজ আছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ বিদ্যমান আইনে নেই। এ জন্য বিলটি পাসের আগে বাছাই কমিটিতে পাঠানো উচিত। তবে তাঁদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।
তবে বিলটির ওপর দেওয়া কাজী ফিরোজ রশীদ ও ফখরুল ইমামের দুটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়।
বিলে বলা হয়েছে, সরকারি সম্পত্তি সম্পর্কিত এবং সরকারি ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনসংক্রান্ত প্রতারণা বা জালিয়াতির মামলা ছাড়া অন্যান্য প্রতারণা ও জালিয়াতি মামলা তদন্তের দায়িত্ব পুলিশ পাবে।
২০০৪ সালের আইন অনুযায়ী জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সরকারি সম্পদ আত্মসাৎ ও অপরাধজনিত বিষয়গুলো দুদকের তফসিলভুক্ত অপরাধের তালিকায় ছিল। ২০০৯ সালে মুদ্রা পাচারের অভিযোগও দুদকের তফসিলে যুক্ত হয়। আর ২০১৩ সালের আইন সংশোধন করে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৬৯ ও ৪৭১ ধারার অপরাধ তদন্তের দায়িত্ব দুদককে দেওয়া হয়।
এর মধ্যে ৪২০ ধারাটি প্রতারণা সম্পর্কিত। অন্যগুলো ব্যক্তিগত অর্থ আত্মসাৎ ও জালিয়াতিসংক্রান্ত।
২০১৩ সালের ডিসেম্বরের আগ পর্যন্ত এসব ধারার মামলাগুলোর তদন্ত করত পুলিশ। আর বিচার চলত হাকিম আদালতে। আইন সংশোধনের পর পুলিশ ৪২০ ধারার মামলা গ্রহণ বন্ধ করে দেয়। অন্যদিকে জনবলের অভাবে দুদক এসব অভিযোগের তদন্ত না করায় প্রতারণা ও জাল-জালিয়াতির মামলার বিচারকাজ নিয়ে তৈরি হয় অচলাবস্থা। সে জন্য সরকার আইনটি সংশোধন করে দায়িত্বটি আবারও পুলিশের হাতে ন্যস্ত করার সিদ্ধান্ত নেয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কিত বিবৃতিতে মতিয়া চৌধুরী বলেন, এই সংশোধনীর মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর অধীন কেবল ঘুষ ও দুর্নীতিসংক্রান্ত অপরাধগুলো দুদকের আওতাভুক্ত হবে। এর ফলে এ-জাতীয় মামলাগুলোর তদন্ত অধিকতর দক্ষতার সঙ্গে সম্পাদন করা যাবে।
এ ছাড়া আজ রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল ২০১৬ সংসদে উত্থাপিত হয়েছে। রেলমন্ত্রী মুজিবুল হক বিলটি উত্থাপন করেন।
আইন প্রণয়নকাজের আগে সকাল সাড়ে ১০টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
অপরাধ