বিমানবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করার অভিযোগে চারজনকে আটক করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি-উত্তর) সদস্যরা। গতকাল সোমবার রাতে রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
একই সঙ্গে ওই চারজনের হাতে আটক ৪৬ জনকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্রে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ডিবির উপকমিশনার (ডিসি) শেখ নাজমুল আলমের তথ্যমতে, আটক হওয়া ব্যক্তিরা হলেন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত সিভিল স্টাফ মো. জহিরুল ইসলাম এবং তাদের সহযোগী মো. স্বপন হোসেন ও মো. এনামুল হক লিটন।
ব্রিফিংয়ে জানানো হয়, তাঁদের কাছ থেকে বিভিন্ন কলেজের প্রভাষক, হাই স্কুলের প্রধান শিক্ষক, উপজেলা সরকারি গেজেটেড কর্মকর্তা, সরকারি ডাক্তার ও ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য ব্যক্তির ৫০টি সিল, ৪৬টি ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প ও নিকাহনামা, ৬০টি এমওডিসি (মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্টেবল) পদে চাকরির আবেদন ফরম ও বিভিন্ন প্রার্থীর ৫২টি মেডিকেল রিপোর্টের কাগজপত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. জহিরুল ইসলাম ও মো. সিদ্দিকুর রহমান জানান, তাঁরা বিমানবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন জেলায় বেকার যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে আসছিলেন। বাংলাদেশ বিমানবাহিনীর এমওডিসি ও সৈনিক পদে ৬ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তারা মো. সাইদুর রহমান নামে এক প্রার্থীসহ ৪৫ জনকে ঢাকায় নিয়ে এসে পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এর ৯ নম্বর সড়কের একটি বাড়িতে আটকে রাখে। তাঁদের প্রত্যেকের কাছ থেকে একশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ও স্বতন্ত্র নিকাহনামায় স্বাক্ষর নেওয়া। যাতে পরবর্তী সময়ে চাহিদা মতো টাকা না পেলে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতে যায় এবং অর্থ আদায়ে ব্যর্থ হলে স্বাক্ষর করা নিকাহনামার মাধ্যমে নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে বিপাকে ফেলা যায়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।