প্রতারণার অভিযোগে ছাত্রলীগ কর্মী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে মাগুরা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ নাজমুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল সোমবার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

পুলিশ ও ছাত্রলীগের একাধিক কর্মী জানান, নাজমুল ও তাঁর দুই সহযোগী কিছুদিন আগে মাগুরা পুলিশ লাইনসে আউটসোর্সিংয়ের মাধ্যমে বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের কথা বলে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের মো. শফিউল্লাহ ও জনি শেখ নামের দুই যুবকের কাছ থেকে ৮০ হাজার করে টাকা নেন। ওই দুই যুবককে দুটি ভুয়া নিয়োগপত্র দিয়ে ৪ অক্টোবর পুলিশ লাইনসে কাজে পাঠান। সেখানে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। ওই দিনই মো. শফিউল্লাহর বাবা সামসুল শেখ বাদী হয়ে নাজমুল ও তাঁর দুই সহযোগী মো. হুমায়ুন ও মেহেদী হাসানের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। ওই মামলায় পুলিশ মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। তিনি এখন জেলহাজতে। নাজমুল ও মো. হুমায়ুন পলাতক রয়েছেন।

জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা ছাত্রলীগ নেতার ওই জালিয়াতি ও প্রতারণার বিষয়টি তুলে ধরে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে চিঠি পাঠান। ওই চিঠিতে সংগঠনের শৃঙ্খলভঙ্গের দায়ে সাব্বির আহমেদ নাজমুলকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়। জেলা কমিটির ওই সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি গতকাল সোমবার নাজমুলকে বহিষ্কার করে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, সংগঠনের শৃঙ্খলাভঙ্গের দায়ে নাজমুলকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।