প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার
মালয়েশিয়ায় লোক পাঠিয়ে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন আবদুল হাই, মনা মিয়া ও শামছু মিয়া।
গতকাল সোমবার রাত আটটার দিকে রাজধানীর আগারগাঁও ও পল্টন এলাকা থেকে এঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ সময় তাঁদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শামছু মিয়া তাঁর নিজের ট্রাভেল এজেন্সি থেকে পর্যটক ভিসায় আবু খায়ের (২৪) নামের এক যুবককে মালয়েশিয়ায় পাঠান। কিন্তু সেখানে আবু খায়েরকে আটকে ভয়ভীতি দেখায় শামছু মিয়ার লোকজন। এরপর বাংলাদেশে ওই যুবকের পরিবারের কাছ থেকে বিকাশ ও ব্যাংক হিসাবের মাধ্যমে চার লাখ টাকা আদায় করা হয়। এ কাজে শামছু মিয়াকে সহায়তা করেন মনা মিয়া ও আবদুল হাই। এই চক্রের সদস্যদের গ্রেপ্তারের পর মালয়েশিয়া থেকে আবু খায়েরকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে রমনা থানায় নিয়মিত মামলা হয়েছে।