প্রতারণার অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার লক্ষ্মীপুর গ্রামের রেজাউল করিম ও ঝিনাইদহের বাদালীডাঙ্গা গ্রামের মো. আসাদুজ্জামান। তাঁদের কাছে থেকে প্রায় ১৮ লাখ ৮০ হাজার টাকা এবং দুটি প্রিমিও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। প্রতারণা করে তাঁরা একটি ব্যাংকের ব্যবস্থাপকের কাছ থেকে ৫৫ লাখ টাকা হাতিয়ে নেন। ঘটনাটি তদন্ত করতে গিয়েই তাঁদের সন্ধান পাওয়া যায়।

মোল্লা নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কোনো পেশা নেই। এ ধরনের অপরাধ করে তাঁরা সমাজে প্রতিষ্ঠিত। এখন পর্যন্ত তাঁরা কমপক্ষে এ ধরনের ৫০টি প্রতারণার ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন। এই চক্রের আরও সদস্য আছে। গ্রেপ্তার এই দুই ব্যক্তিসহ চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য জানা থাকলে সিআইডির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।