প্রতারণার অভিযোগে বাবা ও ছেলে আটক
প্রতারণার মাধ্যমে ২৪ জন ব্যক্তির কাছ থেকে প্রায় ছয় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ধানমন্ডি থেকে বাবা ও ছেলেকে আটক করেছে র্যা ব। গত রোববার র্যা ব-১-এর একটি দল তাঁদের আটক করে। আটক দুজন হলেন হাফিজুর রহমান খান (৭০) ও তাঁর ছেলে বিপ্লব খান (২৮)। এ সময় দুটি গাড়িও উদ্ধার করা হয়েছে।
র্যা ব জানিয়েছে, নিলামের গাড়ি স্বল্পমূল্যে কিনে দেওয়ার লোভ দেখিয়ে হাফিজ খান বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। আর এ কাজে হাফিজের পরিবারের সদস্যরা সহযোগিতা করতেন। এই চক্রের মাধ্যমে প্রতারণার শিকার একাধিক ব্যক্তির অভিযোগ পেয়ে র্যা ব রোববারের অভিযানটি চালায়। অভিযানে ধানমন্ডির জিগাতলার একটি ভাড়া বাসা থেকে ওই দুজনকে আটক করা হয়।
র্যা ব বলেছে, হাফিজুর রহমান ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় অফিস ও বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তিনি কখনো মুক্তিযোদ্ধা, শুল্ক কর্মকর্তা বা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে মানুষের সঙ্গে সখ্য গড়তেন। এরপর তাঁদের চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে নিলামের গাড়ি স্বল্পমূল্যে কিনে দেওয়ার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন। পরে আর গাড়ি দিতেন না। এই প্রতারণার কাজে তাঁর চার সন্তানসহ পুরো পরিবার জড়িত বলে দাবি করেছে র্যা ব। প্রতারণার কাজে এই চক্র ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় ‘খান ইন্টারন্যাশনাল’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালাত দাবি করে র্যা বের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন হাফিজুর রহমানের বড় ছেলে মিথুন খান ও পরিচালক হচ্ছেন তামিম খান। উভয়ই পলাতক রয়েছেন।