প্রতারণার কবলে পড়া কলেজছাত্র উদ্ধার, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জ থেকে ট্রেনে করে রাজশাহী যাওয়ার সময় প্রতারক চক্রের কবলে পড়েন এক কলেজছাত্র। স্থানীয় লোকজনের সহায়তায় গত সোমবার পাবনার ভাঙ্গুড়া থেকে তাঁকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
উদ্ধার হওয়া ওই ছাত্রের নাম জাকারিয়া হোসাইন (১৮)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের আবু সামার ছেলে ও উল্লাপাড়া সরকারি কলেজের স্নাতক (সম্মান) বাংলা প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় জাকারিয়া বাদী হয়ে একটি ছিনতাইয়ের মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া স্টেশন থেকে তিনি রাজশাহীতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে সিল্ক সিটি ট্রেনে ওঠেন। ট্রেনে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা গ্রামের শিহাব উদ্দিন (২০) ও ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের তারিকুল ইসলামের (২০) সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁরা খুচরা টাকা নেই বলে ট্রেনের ভাড়া বাবদ জাকারিয়ার কাছ থেকে ২৫০ টাকা নেন। ট্রেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনে এলে টাকা ফেরত দেওয়ার কথা বলে ওই দুজন তাঁকে ট্রেন থেকে নামতে বলেন।
জাকারিয়া ট্রেন থেকে নামলে শিহাব ও তারিকুল তাঁকে একটি দোকানের আড়ালে নিয়ে যান। সেখানে কথা বলার একপর্যায়ে ট্রেন ছেড়ে চলে যায়। এরপর ওই দুজন তাঁকে অন্য স্টেশনে পৌঁছে দেওয়ার কথা বলে ভাঙ্গুড়া পৌর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে তাঁর কাছে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর তাঁর এক বন্ধুকে ফোন করে বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠাতে বলে। এরপর জাকারিয়ার বাবার নম্বরে ফোন দিয়ে আরও এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। একপর্যায়ে জাকারিয়া সুযোগ বুঝে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় শিহাব ও তারিকুল ‘চোর চোর’ বলে তাঁর পিছু নেন। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা তিনজনকেই আটক করে থানায় খবর দেন। পুলিশ এলে জাকারিয়া বিষয়টি খুলে বলেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘ওই দুজন প্রতারণার মাধ্যমে ছেলেটিকে আটক করেছিল। আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। জাকারিয়ার করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।’