প্রতারণার কারখানা খুলে বসেছিলেন যুবলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবলীগ নেতা রাব্বি শাকিলের কার্যালয়। গত বৃহস্পতিবার বিকেলে।  ছবি: প্রথম আলো
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবলীগ নেতা রাব্বি শাকিলের কার্যালয়। গত বৃহস্পতিবার বিকেলে। ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের প্রধান ফটকের সঙ্গেই যুবলীগ নেতা রাব্বি শাকিলের রিশান গ্রুপের কার্যালয়। কার্যালয়ের সামনে ৪৫টি নিউজ পোর্টালের তালিকাসংবলিত সাইনবোর্ড। যার সব কটির সম্পাদক ও প্রকাশক রাব্বি শাকিল। নানা রঙের মানুষের আনাগোনায় মুখর থাকত এ কার্যালয়। গত বুধবার বিকেলে এখান থেকেই প্রতারণার মামলায় দুই সহযোগীসহ গ্রেপ্তার হন রাব্বি শাকিল (৩০)। সেই থেকে বন্ধ কার্যালয়।

গ্রেপ্তারের পর রাব্বি শাকিল এবং তাঁর সহযোগী হুমায়ন কবির (২৮) ও সাইফুল ইসলামকে (২৬) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বগুড়া জেলা পুলিশের সাইবার ইউনিট। গ্রেপ্তারের পর রাব্বির প্রতারণার শিকার অনেকেই বগুড়ার পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন। রাব্বি শাকিলের প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত অন্তত ছয়জনের সঙ্গে প্রথম আলোর কথা হয়েছে। তাঁদের কাউকে ‍পুলিশ সদর সপ্তরে, কাউকে আবহাওয়া অধিদপ্তর এবং কাউকে রেলে চাকরির ভুয়া নিয়োগপত্র ধরিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আবার কারও হাতে দাতা সংস্থা জাইকার ভুয়া বরাদ্দপত্র ধরিয়ে দিয়ে কোটি টাকার ঋণ দেওয়ার কথা বলেও লাখ টাকা নিয়েছেন রাব্বি।

প্রতারিতদের একজন রাজশাহীর গোদাগাড়ীর সাঈদ হাসান। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি গোদাগাড়ী ডিগ্রি কলেজে স্নাতকে পড়ছেন। ২০১৮ সালে পরিচিত এক বন্ধুর মাধ্যমে রাব্বি শাকিলের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর আবহাওয়া অধিদপ্তরে অফিস সহকারী পদে চাকরির প্রস্তাব দেন তিনি। কোনো প্রকার নিয়োগ পরীক্ষা ছাড়াই এই চাকরি দেওয়া হবে, বিনিময়ে ১৫ লাখ টাকা তাঁকে দিতে হবে। নিয়োগপত্র পাওয়ার পর ৭ লাখ এবং যোগদানের পর ৮ লাখ টাকা দেওয়ার চুক্তি হয়।

সাঈদ হাসান বলেন, বাবা ক্ষুদ্র কৃষক। জমি বিক্রি করে রাব্বির হাতে সাত লাখ টাকা দেন। এরপর সরকারি সিলমোহর ও স্বাক্ষর করা নিয়োগপত্রও দেন রাব্বি। যোগদান করাতে ঢাকায় নিয়ে যান। সেখানে অনেক কয়েকজনকে সপ্তাহখানেক ধরে হোটেলে রাখেন। যোগদান আর করা হয় না। শেষে টাকা ফেরত চাইলে হুমকি দেন। কয়েক মাস পর তাড়াশ থানায় মামলা দিতে গেলে পুলিশ রাব্বিকে থানায় ডেকে নেয়। এরপর পুলিশের সামনেই তাঁকে হত্যার হুমকি দেন রাব্বি। সাঈদ বলেন, ‘কোনো রকমে জান নিয়ে ফিরে এসেছি। মামলা আর দেওয়া হয়নি।’

গোদাগাড়ী উপজেলার মোহনপুরের মর্তুজা আলীও পড়েন গোদাগাড়ী কলেজে। তিনি বলেন, অনলাইনে চাকরির বিজ্ঞপ্তির সূত্র ধরে মুঠোফোনে রাব্বির সঙ্গে পরিচয়। এরপর আবহাওয়া অধিদপ্তরে অফিস সহকারী পদে চাকরির জন্য ১৫ লাখ টাকায় চুক্তি করেন। জমিজমা বিক্রি করে তাঁর হাতে ১০ লাখ টাকা দেন। নিয়োগপত্রও সঙ্গে সঙ্গে পান। পরে যোগ দিতে গিয়ে বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। তাড়াশে তাঁর অফিসে টাকা চাইতে গেলে হত্যার হুমকি দেন রাব্বি। এরপর ভয়ে চুপ ছিলেন। এখন বগুড়ার পুলিশ মামলা করার কথা বলছে।

>

কাউকে পুলিশ সদর দপ্তরে, কাউকে আবহাওয়া অধিদপ্তরে এবং কাউকে রেলে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন

গোদাগাড়ী ডিগ্রি কলেজের আরেক ছাত্র ওয়াহেদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে চাকরির লোভ দেখানো হয়। তিনিও অনলাইনে চাকরির বিজ্ঞপ্তি দেখে রাব্বি শাকিলের প্রতারণার ফাঁদে পড়েন।

রাব্বি শাকিল
রাব্বি শাকিল

ওয়াহেদুল প্রথম আলোকে বলেন, ২০১৮ সালে পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের ব্যক্তিগত সহকারী পদে চাকরির নিয়োগপত্র হাতে ধরিয়ে দিয়ে ১৫ লাখ টাকা চান তিনি। ১০ লাখ টাকা দেওয়ার পর যোগদানের কথা বলে সিরাজগঞ্জের হাটিকুমরুলে একটি বাসায় ডেকে নেন। সেখানে ২০ দিন রাখার পর টালবাহানা শুরু করেন। এ সময় টাকা ফেরত চাইলে হত্যার হুমকি দেন রাব্বি। পরে ভুয়া নিয়োগপত্রসহ পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ দেন। কিন্তু কোনো প্রতিকার পাননি।

গোদাগাড়ীর নাসিম আলীকে রেলে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন রাব্বি শাকিল। নাসিমের দাবি, রাব্বির দ্বারা প্রতারিত ব্যক্তির সংখ্যা কয়েক শ।

সিরাজগঞ্জ সদরের খামারি আবুল কাশেমকে দাতা সংস্থা জাইকার সিলমোহর ও স্বাক্ষরযুক্ত বরাদ্দপত্র হাতে ধরিয়ে দিয়ে তাঁর কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা নেন। পরে কাশেম বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন।

আল আমিন নামে এক তাঁত মালিকবে দুই কোটি টাকার ঋণ দেওয়ার কথা বলে সাড়ে চার লাখ টাকা নিয়েছেন শাকিল। আল আমিনও প্রতিকার পাননি।

এলাকায় বিরাট প্রভাব

তাড়াশের স্থানীয় লোকজন বলছেন, রাব্বি শাকিলের চলাফেরা দেখে হোমরা-চোমরা গোছের কিছু মনে হতো। তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, প্রায় ৯ বছর আগে সম্মেলনের মাধ্যমে উপজেলা যুবলীগের বর্তমান কমিটি গঠন করা হয়। কমিটির দু-তিনজন অব্যাহতি নিলে সহসভাপতি হিসেবে রাব্বি শাকিলকে নেওয়া হয়। তাঁর অপকর্মের বিষয়টি স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

ডিজে শাকিলের বাড়ি উপজেলার বারুহাস গ্রামে। তবে এখন তিনি তাড়াশ সদরে বসবাস করেন। তাঁর বাবা উপজেলা কৃষক লীগের সভাপতি কাজী গোলাম মোস্তফা। শাকিল একসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বলে নিজের পরিচয় দিতেন।