প্রতারণার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
সেবা প্রদানের নামে প্রতারণার দায়ে বাগেরহাটের ডক্টরস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাজার এলাকার ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।
বিচারক শাহরিয়ার মুক্তার বলেন, ভোক্তাদের কাছ থেকে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে শহরের ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় সেখানে কর্মরত ল্যাব টেকনিশিয়ান, প্যাথলজিস্টরা কোনো বৈধ কাগজপত্র বা সনদ দেখাতে পারেননি।
পরে অদক্ষ ও সনদহীন প্যাথলজিস্টের মাধ্যমে রোগ নির্ণয়ের পরীক্ষা করানো ও গ্রাহককে প্রতিশ্রুত সেবা প্রদানে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার আইনে ডক্টরস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্প্রতি এই ডায়াগনস্টিক সেন্টারে এক যুবকের রক্ত পরীক্ষা করে ভুল রিপোর্ট দেওয়ার একটি খবর ফেসবুকে ভাইরাল হয়।