প্রতারণার মাধ্যমে অর্থ হাতানোর অভিযোগে গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ব্যাংকিং সার্ভিসের এজেন্টদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁদের মধ্যে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ডে আনা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন মোল্লা, মাহবুব শেখ, ওসমান ওরফে সাদ্দাম, তন্ময় হোসেন ওরফে অমি, শ্যামল বাড়ৈ, কপিল গাইন, হাসানুর রাহমান, সাজুল্লাহ দস্তগীর, মুরাদ হাসান, ইমরান হোসেন ওরফে মিরাজ ও জাহিদ হাসান। এর মধ্যে প্রথম ছয়জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কপিল, হাসানুর, সাজুল্লাহ, মুরাদ ও ইমরান একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ার সার্ভিসের কর্মকর্তা।
গতকাল সোমবার রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহ আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, দেশে ২০টি প্রতিষ্ঠানের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রয়েছে। এ চক্রটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের এজেন্টের কাছ থেকে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সহযোগিতায় টাকা হাতিয়ে নিত। শাহ আলম বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের এজেন্টরাও নিয়ম অনুযায়ী টাকা লেনদেন করছেন না। এই সুযোগ নিচ্ছেন প্রতারক চক্রের সদস্যরা।
অতিরিক্ত উপমহাপরিদর্শক বলেন, ৩১ জানুয়ারি বিকেল পাঁচটায় ফকিরাপুল রাওয়াহ এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম তাঁর দোকানে ব্যবহৃত বিকাশ, ডিবিবিএল, ইউক্যাশ মোবাইল ফাইন্যান্সের এজেন্ট অ্যাকাউন্ট থেকে এক ব্যক্তির নম্বরের অনুকূলে ২৪ হাজার ৫০০ টাকা ও পাঁচ হাজার টাকা ক্যাশ আউট করেন। একই রাতে অপর আরেকজনের ডাচ্-বাংলা মোবাইল ফাইন্যান্সের মাধ্যমে এক হাজার টাকা ক্যাশ আউট করার পর অকার্যকর (ডি-অ্যাক্টিভেট) দেখায়। এরপর বিষয়টি ব্যাংক ও মোবাইল অপারেটর কর্তৃপক্ষকে জানানো হলে তিনি জানতে পারেন, তাঁর সিমটি অন্য কেউ ব্যবহার করছেন এবং প্রতারণার মাধ্যমে টাকাও উঠিয়ে নেওয়া হয়েছে। তিনি সিমটি প্রতিস্থাপন (রিপ্লেস) করে দেখতে পান সিমে সেই টাকা আর নেই।
এ ঘটনায় রফিকুল ইসলাম ২ ফেব্রুয়ারি মতিঝিল থানায় মামলা করেন। সিআইডি তদন্ত শুরু করে। তদন্তে ১১ জনকে গ্রেপ্তার শেষে ছয়জনকে রিমান্ডে নেয় সিআইডি। জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে আসে।