প্রতারণার মামলায় জামিন পেলেন তাজরীনের মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি প্রতারণা মামলায় কারাগারে যাওয়ার এক দিনের মধ্যেই জামিন পেলেন তাজরীন ফ্যাশনস লিমিটেডের মালিক দেলোয়ার হোসেন। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আসামির আইনজীবী জাফর ইকবাল জানান, বাদীর পাওনা টাকাগুলো পরিশোধের জন্য চেক দেওয়া হয়েছে। জামিনে বাদী কোনো আপত্তি জানাননি। বাদীর আপত্তি না থাকায় ও জামিনযোগ্য ধারা হওয়ায় শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। বাদীর আইনজীবী জানান, আসামির জামিন হলেও মামলা চলবে। চেকের মাধ্যমে টাকাগুলো পরিশোধ হওয়ার পর মামলা তুলে নেওয়া হবে।

আদালত সূত্রে জানা গেছে, একটি প্রতারণা মামলায় গত রোববার দেলোয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। নগরের কেডিএস গ্রুপের কেডিএস এক্সেসরিজ লিমিটেডের কাছ থেকে ২০১০-১১ সালে ৪৪ লাখ ৪৩ হাজার ৭২০ টাকার মালামাল ক্রয় করেন তাজরীন ফ্যাশনসের মালিক। টাকাগুলো পরিশোধ না করায় গত বছরের ২২ নভেম্বর কেডিএস গ্রুপের পক্ষে শিমুল সেন বাদী হয়ে দেলোয়ার হোসেনকে আসামি করে ৪০৬ ও ৪২০ ধারায় একটি প্রতারণা মামলা করেন আদালতে।

২০১২ সালের ২৪ নভেম্বর ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে দেলোয়ারের মালিকানাধীন তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে ১১২ জন নিহত ও ২০০ শ্রমিক আহত হন।