প্রতারণার মামলায় এনজিও কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে প্রতারণার মামলায় সাউদার্ন গণ উন্নয়ন সমিতি (এসজিএস) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) পরিচালক শেখ দেলোয়ার হোসেন ও কর্মচারী মো. ছলেমান মিয়াকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান নিম্মি এ আদেশ দেন।

শেখ দেলোয়ার হোসেনের বাড়ি শহরের মোহাম্মদ পাড়ায়। আদালতের রায়ের পর পর আসামিদের গোপালগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালতের নথি ঘেঁটে জানা যায়, ২০১২ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত এইচআইভি এইডস এবং ভিজিডি প্রকল্পে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শহরের পাচুরিয়া মহল্লার বাসিন্দা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আকতার হোসেনের কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়েছিলেন দেলোয়ার ও কর্মচারী ছলেমান। পরবর্তীতে আকতারের চাকরি আর হয়নি এবং তাঁরা আকতারের কাছ থেকে টাকা নেওয়ার কথাও অস্বীকার করেন।

মো. আকতার হোসেন বলেন, টাকা ফেরত না পেয়ে ২০১২ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দেলোয়ার ও ছলেমানকে আসামি করে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) এসএম আজিজুর রহমান বলেন, ঘটনার সত্যতা পেয়ে দেলোয়ার ও ছলেমানের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন তিনি।

বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, শুনানির জন্য নির্ধারিত দিনে আজ দেলোয়ার ও ছলেমান আদালতে হাজির হয়ে জামিন চান। আদালত ওই আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এসজিএসের পরিচালক শেখ দেলোয়ার হোসেন এর আগেও প্রতারণের অভিযোগে দায়ের করা অপর একটি মামলায় কারারুদ্ধ হয়েছিলেন।