প্রতিদ্বন্দ্বী না রাখতে খুনের চেষ্টা
আগামী সিটি করপোরেশন নির্বাচনে ছাত্রলীগ নেতা এনামুল হককে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে তাঁকে গুলি করতে নির্দেশ দিয়েছেন এক বালু ব্যবসায়ী।
এনামুল সিটি করপোরেশনের ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি বর্তমান কাউন্সিলর হারুন অর রশীদের অনুসারী হিসেবে পরিচিত। মো. সোলাইমান নামের ওই বালু ব্যবসায়ীর নির্বাচনী দৌড়ে বাধা সরানোর জন্যই এনামুলকে গুলি করেন মো. রমজান। গত রোববার রাতে রমজানকে নগরের চান্দগাঁও থানার খাজা রোডের একটি বাসা থেকে গ্রেপ্তারের পর এই তথ্য জানতে পারে পুলিশ।
গত বুধবার ভোর পৌনে চারটায় নগরের কালামিয়া বাজার এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে বসে টেলিভিশন দেখছিলেন এনামুল। এ সময় তাঁকে মুঠোফোনে দেখা করতে বলেন স্থানীয় বাসিন্দা মো. রমজান। তাঁর সঙ্গে কথা বলার জন্য এনামুল কার্যালয় থেকে বের হন। কিছুদূর যাওয়ার পর রমজান তাঁকে গুলি করার চেষ্টা করেন। একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তিতে গুলিটি এনামুলের বুকের এক পাশে লেগে চলে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় আহত এনামুলের ছোট ভাই জাহেদুল হক বাদী হয়ে ঘটনার পরদিন বাকলিয়া থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার আসামি রমজান, পলাতক মো. সোলাইমান, মো. তাজুল ও মো. ইসাকে আসামি করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রমজান স্বীকার করেন, মো. সোলাইমান নামের আওয়ামী লীগ নামধারী এক বালু ব্যবসায়ী রমজানকে ভাড়াটে হিসেবে ব্যবহার করেন এনামুলকে গুলি করতে। কারণ সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচনে এনামুলকে বাধা হিসেবে মনে করেন সোলাইমান। তিনি কাউন্সিলর পদে লড়তে পারেন। এ জন্য সোলাইমান তাঁকে একটি পিস্তল দেন। কাজ শেষ হলে অর্থ-সংকটে ভোগা রমজানকে একটি ভালো চাকরি ও টাকা দেওয়ার কথা ছিল। তবে টাকার পরিমাণও বলেননি রমজান। ঘটনার আগে রমজানকে ইয়াবাও দেওয়া হয়। এ প্রসঙ্গে জানতে সোলাইমানের মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তিনি এই মামলার এজাহারভুক্ত আসামি।
ওসি প্রণব আরও বলেন, ঘটনার দিন এনামুলকে গুলি করে রমজান কুমিল্লায় চলে যান। সেখান থেকে চট্টগ্রামের চান্দগাঁও এসে গা-ঢাকা দেন। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধারের চেষ্টা চলছে। রমজানের বিরুদ্ধে নগরের বাকলিয়া ও কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আসামি রমজানকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য রয়েছে। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বিকেলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে আসামি রমজান প্রথম আলোকে বলেন, সোলাইমানের নির্দেশে এনামুলকে তিনি গুলি করেন।