নাটোর, সীতাকুণ্ডে সাংসদের আচরণবিধি লঙ্ঘন
প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের হামলায় প্রার্থীর মায়ের মৃত্যুর অভিযোগ
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদের এক প্রার্থীর সমর্থকদের হামলায় গত বুধবার রাতে অপর এক প্রার্থীর মা রাবেয়া খাতুন (৬৫) মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আজিজুল ইসলামের মা। তাঁর অভিযোগ, আরেক প্রার্থী আনিসুল হকের সমর্থকেরা এই হামলা চালিয়েছেন। তবে আনিসুল এই অভিযোগ অস্বীকার করেছেন। আনিসুল ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আজিজুল সাধারণ সম্পাদক।
নাটোরের বড়াইগ্রাম ও চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল বৃহস্পতিবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দুই সাংসদের বিরুদ্ধে। পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। নেত্রকোনা পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থীর নির্বাচনী কার্যালয়ের আসবাব ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
প্রথম আলোর ময়মনসিংহ, নাটোর, নেত্রকোনা, সীতাকুণ্ড (চট্টগ্রাম), কলাপাড়া (পটুয়াখালী) ও হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধির পাঠানো খবর:
ময়মনসিংহ: স্থানীয় লোকজন বলেছেন, বিজয় দিবসের মিছিলকে কেন্দ্র করে বুধবার গফরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আজিজুল ইসলামের সমর্থকদের সঙ্গে অপর প্রার্থী আনিসুল হকের সমর্থকদের কথা-কাটাকাটি হয়।
আজিজুল অভিযোগ করেন, পরে বুধবার বিকেলে জন্মেজয় এলাকায় তাঁর বাড়িতে আনিসুলের সমর্থকেরা হামলা চালান। হামলাকারীদের মারধরে তাঁর মা রাবেয়া খাতুন আহত হন। রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।
তবে অভিযোগ অস্বীকার করে আনিসুল হক বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষ হয় দুপুরে। আর তাঁর মা মারা যান রাতে। এতে আমার সমর্থকদের কোনো দোষ নেই। আজিজুলের মা পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। নির্বাচন সামনে রেখে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, মারামারির ঘটনায় জড়িত অভিযোগে আনিসুল হকের ভাতিজা মো. ইকবাল ও ভাগনে সোহাগকে আটক করা হয়েছে। ওই ঘটনায় এখনো মামলা হয়নি। আটক দুজনকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর: বড়াইগ্রাম পৌর এলাকার লোকজন বলেন, গতকাল দুপুরে বড়াইগ্রাম কলেজের নবনির্মিত শহীদ মিনার, মুক্তমঞ্চ ও দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল প্রামাণিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন। সেখানে এই পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবদুল বারেক সরদার আগতদের মধ্যে নৌকা প্রতীকের সমর্থনে লিফলেট বিতরণ করেন। বক্তারাও নৌকা প্রতীকে ভোট চান। একপর্যায়ে অনুষ্ঠানটি বারেকের নির্বাচনী সমাবেশে পরিণত হয়।
নির্বাচনী আচরণবিধিতে এখন কোনো উন্নয়নকাজের উদ্বোধন করার কথা না থাকলেও ওই অনুষ্ঠান শেষে সাংসদ আবদুল কুদ্দুস কোদাল দিয়ে মাটি কেটে বড়াইগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রয়না মোড় থেকে ভরতপুর পশ্চিমপাড়া সেতু পর্যন্ত ও ৭ নম্বর ওয়ার্ডের চকবড়াইগ্রাম থেকে থানা পর্যন্ত দুটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে কেউ অভিযোগ করেননি।’
এর আগে ৮ ডিসেম্বর বড়াইগ্রাম পৌরসভার রাজাকার মোড়ে আবদুল কুদ্দুস ফিতা কেটে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে নৌকা প্রতীকে ভোট চেয়েছিলেন। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে আচরণবিধি লঙ্ঘনের জন্য সাংসদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম): প্রত্যক্ষদর্শীরা বলেন, সীতাকুণ্ড পৌরসভায় আওয়ামী লীগের ‘মেয়র পদপ্রার্থী বদিউল আলমের সমর্থনে কর্মী সমাবেশ’ ব্যানার টানিয়ে গতকাল বিকেলে উপজেলা সদরের জেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ হয়। সমাবেশে স্থানীয় সাংসদ দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনসহ আওয়ামী লীগের জেলা-উপজেলার নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে সন্ধ্যা ছয়টার দিকে সাংসদ দিদারুল আলমের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলে সামনের সারিতে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম এবং এস এম আল মামুন ছিলেন। মিছিলে অংশগ্রহণকারীরা বদিউল আলমের পক্ষে স্লোগান দেন।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘সাংসদের উপস্থিতিতে দলীয় প্রতীকের সমর্থনে মিছিল করা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আমরা বিষয়টি জানার পর পুলিশ পাঠিয়ে মিছিলটি বন্ধ করেছি। আচরণবিধি লঙ্ঘনে সম্পৃক্ততা পাওয়া গেলে সাংসদকেও সতর্ক করা হবে।’
কলাপাড়া (পটুয়াখালী): আচরণবিধিতে পথসভার কথা থাকলেও বিকেলে কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেটের মাঠে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবদুল বারেক মোল্লার সমর্থকেরা মিছিল-সমাবেশ করেন। স্থানীয় ব্যক্তিরা বলেন, আওয়ামী লীগ-সমর্থিত ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাবিব শরীফ, ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনির শরীফ, ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী নিজামসহ কয়েকজন প্রার্থী নৌকার সমর্থনে মিছিল নিয়ে সমাবেশস্থলে যান। আরও কয়েকটি ওয়ার্ড থেকেও নৌকা প্রতীকের সমর্থনে মিছিল-সমাবেশে আসে। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সুলতান মাহমুদ, মেয়র পদপ্রার্থী আবদুল বারেকসহ নেতারা সমাবেশে বক্তব্য দেন।
এতে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে জানালে জবাবে আবদুল বারেক বলেন, ‘আমি তো লোকজন জড়ো করিনি। লোক এলে আমি তো ঠেলে সরিয়ে দিতে পারব না। আর আমার নেতৃত্বে মিছিল হয়নি। কর্মী-সমর্থকেরা করেছে।’
পটুয়াখালীর জেলা নির্বাচন কর্মকর্তা ও কুয়াকাটা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল কবীর বলেন, ‘আমরা গত মঙ্গলবার কলাপাড়া-কুয়াকাটার মেয়র পদপ্রার্থীদের নিয়ে সভা করেছি। সেই সভায় মেয়র পদপ্রার্থীদের আচরণবিধি পড়ে শোনানো হয়েছে। এরপরও আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ-মিছিল হয়ে থাকলে ওই প্রার্থীর কাছে ব্যাখ্যা চাইব।’
নেত্রকোনা: পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের পারলা এলাকায় সজল মিয়ার চায়ের দোকানে অস্থায়ী নির্বাচনী কার্যালয় স্থাপন করেছিলেন বিএনপির মেয়র পদপ্রার্থী এস এম মনিরুজ্জামান। বুধবার রাতে দুর্বৃত্তরা সেখানকার চেয়ার ও বেঞ্চ ভাঙচুর করে এবং প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলে। দোকানের তিনটি চুলাও গুঁড়িয়ে দেওয়া হয়। মনিরুজ্জামান বলেন, তিনি রিটার্নিং কর্মকর্তা ও থানার পুলিশকে বিষয়টি জানিয়েছেন।
হাজীগঞ্জ (চাঁদপুর): উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র বলেছে, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ওমর ফারুক চৌধুরী বিলবোর্ড তৈরি করে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশের গাছে সাঁটিয়েছেন। নির্বাচনী আইনে এটি আচরণবিধির লঙ্ঘন। নির্বাচন কার্যালয় বিলবোর্ডগুলো সরিয়ে ফেলতে মৌখিকভাবে প্রাথমিক নির্দেশনা দিলেও তিনি মানেননি। পরে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, বিলবোর্ডগুলো সরিয়ে শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে কারণ দর্শানোর জবাব না দিলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।