প্রতিপক্ষ ভেবে গোয়েন্দা কর্মকর্তাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি পৌরসভার স্থগিত হওয়া কাষ্টগড় ভোটকেন্দ্র এলাকায় নির্বাচনী প্রতিপক্ষ ভেবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তা ও তাঁর গাড়িচালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে সাদিপুর এলাকায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কর্মকর্তাকে উদ্ধার করে।
এদিকে ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের দাবিতে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ কালকিনি থানার সামনে সোমবার গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেছে।
কালকিনি থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কাষ্টগড় কেন্দ্রের কাছে সাদিপুর এলাকায় একটি নির্বাচনী সভার আয়োজন করেন আওয়ামী লীগের প্রার্থী এনায়েত হোসেন। এলাকার পরিস্থিতি দেখতে একটি সাদা প্রাইভেট কার নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করছিলেন গোয়েন্দা কর্মকর্তা ফিরোজুল ইসলাম চৌধুরী।
রাত সাড়ে নয়টার দিকে সভায় নেতৃত্বদানকারী কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার তাঁর লোকজন নিয়ে ফিরোজুলের কাছে যান। তাঁরা ফিরোজুলকে তাঁদের প্রতিপক্ষ আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মশিউর রহমানের লোক বলে চ্যালেঞ্জ করেন। প্রথমে ফিরোজুল তাঁদের কাছে তাঁর আসল পরিচয় দিতে চাননি। একপর্যায়ে শাকিলুর রহমান ৫০ হাজার টাকার একটি বান্ডিল এনএসআইয়ের ওই সদস্যের পকেটে ঢুকিয়ে দেন। এরপর ভোট কিনতে মশিউর রহমানের সমর্থকেরা এলাকায় এসেছেন বলে পুলিশে খবর দেন। কালকিনি থানার পুলিশ পরে ফিরোজুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এনএসআইয়ের মাঠ কর্মকর্তা ফিরোজুল ইসলাম অভিযোগ করেন, সরকারি দায়িত্ব পালন করতে তিনি সাদিপুর এলাকায় যান। শাকিলুর রহমানের নেতৃত্বে এনায়েত হোসেনের সমর্থকেরা তাঁকে ও তাঁর গাড়িচালক লিজু শিকদারকে মারধর করেন। এরপর তাঁর পকেটে টাকা ঢুকিয়ে দেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মারধরের অভিযোগ অস্বীকার করে কৃষক লীগের নেতা শাকিলুর রহমান বলেন, ‘কর্মীদের চাঙা রাখতে মেয়র প্রার্থীকে নিয়ে গ্রামের মুরব্বিদের সঙ্গে আলাপ করছিলাম। এরই মধ্যে আমাদের এক কর্মী এসে জানান, প্রাইভেট কার নিয়ে এক ব্যক্তি মশিউর রহমানের পক্ষে ভোট কিনছেন। তাঁকে তল্লাশি করে ৫০ হাজার টাকার একটি বান্ডিল পাওয়া যায়। তাঁর মুঠোফোনের কল তালিকা ঘেঁটে দেখা যায়, তিনি কয়েকবার মশিউর রহমানকে ফোন করেছেন।’
পরে ওই গোয়েন্দা কর্মকর্তাকে মামলা দিয়ে গ্রেপ্তার এবং কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলীকে প্রত্যাহারের দাবি জানিয়ে এনায়েত হোসেনের সমর্থকেরা কালকিনি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।
ইদ্রিস আলী বলেন, এনএসআইয়ের মাদারীপুরের কর্মকর্তারা এসে ফিরোজুলকে থানা থেকে নিয়ে গেছেন। ঘটনার তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।