প্রতিপক্ষকে ফাঁসাতে অস্ত্র কিনে ফাঁসলেন নিজেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনা ছিল, প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে দিয়ে ধরিয়ে দেবেন। সেই পরিকল্পনা থেকেই একটি শুটারগান কেনা। কিন্তু, পরিকল্পনা বাস্তবায়নের আগেই পুলিশের হাতে ধরা পড়ে গেছেন।
আটক ব্যক্তির নাম লুৎফর রহমান (৫৫)। গতকাল সোমবার সকালে আলমডাঙ্গা থানা-পুলিশ কালিদাসপুর ইউনিয়নের মনাকষা গ্রাম থেকে তাঁকে আটক করে। চুয়াডাঙ্গায় পুলিশের চলমান এক বিশেষ অভিযানে আটক হওয়া ২৮ ব্যক্তির একজন তিনি।
অভিযানের বিষয়ে গতকাল দুপুরে সংবাদ ব্রিফিং করে পুলিশ। জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে আলমডাঙ্গা থানার পুলিশ উপজেলার মনাকষা গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় একটি অটোরিকাশা থামানো হয়। এতে যাত্রী হিসেবে ছিলেন লুৎফর রহমান। এর চালক ছিলেন নাজিম উদ্দীন (৪৫)। দুজনের বাড়িই কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা অটোরিকশাটিতে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে অটোরিকশার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা শুটারগানটি উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লুৎফর পুলিশকে বলেছেন, দেশে তৈরি শুটারগানটি কিনতে টাকা লেগেছে মাত্র দুই হাজার। একটি জলমহাল নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে তিনি অস্ত্রটি কেনেন।
পুলিশ বলছে, পরিকল্পনা বাস্তবায়নের জন্যই গতকাল সকালে বাড়ি থেকে বের হন লুৎফর। তবে অটোরিকশার চালক নাজিম উদ্দীন গোটা পরিকল্পনার কথা জানতেন। আটক দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
মামলার বাদী থানার এসআই টিপু সুলতান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অস্ত্রটির উৎস ও আটক দুজনের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আজ মঙ্গলবার আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।
বিশেষ অভিযান
দুপুরের সংবাদ ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তরিকুল ইসলাম ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. কলিমুল্লাহ উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে জানানো হয়, গত রোববার রাত ১২টার পর থেকে খুলনা বিভাগের ১০ জেলায় একযোগে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। জঙ্গি, চরমপন্থী ও অবৈধ অস্ত্রধারীদের ধরার এ অভিযান সাত দিনব্যাপী চলবে।
গতকাল সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার চার থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে মোট ২৮ জনকে আটক করেছে।