প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে...
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়ির সীমানায় আগ্নেয়াস্ত্র রেখে ফাঁসাতে গিয়ে ধরা খেয়েছেন কাঞ্চন নামের এক ব্যক্তি। গতকাল বুধবার শরীফপুর ইউনিয়নের ইটারঘাট গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শরীফপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জোনাব আলী জানান, ইটারঘাট গ্রামের নজরুল ইসলামের সঙ্গে সদর উপজেলার ফতেহপুর গ্রামের সুরত মিয়ার ছেলে কাঞ্চন মিয়ার বিরোধ চলছিল। নজরুলের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি কাঞ্চন জামিনে মুক্তি পান। বুধবার রাত আটটার দিকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা এসে নজরুল ইসলামকে আটক করে। এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে এসে নজরুল ভালো মানুষ বলে র্যাবকে জানায়। পাশাপাশি তাঁরা কাঞ্চন মিয়ার সঙ্গে নজরুলের বিরোধের কথাও জানায়। ওই সময় কাঞ্চনও ইটারঘাট গ্রামে অবস্থান করছিলেন। র্যাব দুজনকেই আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, কাঞ্চনই নজরুলের বাড়ির সীমানায় একটি পাইপগান ফেলে রেখে র্যাবকে খবর দেন। পরে ওই দিন গভীর রাতে ইউপি চেয়ারম্যান জোনাব আলীর জিম্মায় নজরুলকে ছেড়ে দেয় র্যাব। আর উদ্ধার করা পাইপগানসহ কাঞ্চন মিয়াকে কুলাউড়া থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা করে র্যাব।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি মাইন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দোহা বলেন, অস্ত্র আইনের মামলায় কাঞ্চনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নজরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, কাঞ্চন ইটারঘাট গ্রামের তাঁর এক আত্মীয়কে অপহরণের পর ধর্ষণ করেছিল। ওই ঘটনায় নজরুল কাঞ্চনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় কাঞ্চন কারাভোগ করেছিল। এ কারণে কাঞ্চন তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছেন।