প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন
ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অপহরণ মামলা করার পর পুলিশ কথিত অপহৃত ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে আটক করেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে নূরুল হক নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় কথিত অপহরণ মামলার আসামিদের ওপর হামলা চালানোর অভিযোগে নূরুল হকের স্ত্রী-পুত্রসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজাপুর থানার পুলিশ সূত্র জানায়, গত ২২ নভেম্বর রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের নূরুল হকের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি অপহরণ মামলা করেন। মামলায় নার্গিস বেগম তাঁর স্বামীকে অপহরণের অভিযোগ করেন।
ওই মামলায় নারিকেলবাড়িয়া গ্রামের হুমায়ুন কবির ও মুহদুল ইসলাম, সাতুরিয়া গ্রামের আনোয়ার হোসেন, আবদুল জলিল, মো. জালাল ও দেলোয়ার হোসেন—এ ছয়জনকে আসামি করা হয়। আদালতের বিচারক মামলাটি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের জন্য নথিভুক্ত করার আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, রোববার বিকেলে তিনি মামলাটি তদন্তের জন্য নারিকেলবাড়িয়া গ্রামে নূরুল হকের বাড়িতে গিয়ে তাঁকে পেয়ে আটক করেন। এ সময় মামলার আসামিরা সেখানে উপস্থিত হলে নূরুল হককে আটকের ক্ষোভে তাঁর স্ত্রী নার্গিস বেগম, ছেলে এনামুল হক ও চাচা সুলতান হোসেন পুলিশের সামনেই কথিত ওই অপহরণ মামলার আসামিদের ওপর হামলা চালান। এর জের হিসেবে পুলিশ নার্গিস বেগম, এনামুল ও সুলতান হোসেনকেও সেখান থেকে আটক করে।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, গতকাল সোমবার দুপুরে নূরুল হককে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুবাইয়া আমিনের আদালতে হাজির করা হয়। এ সময় নূরুল হক ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে নূরুল হক স্বীকার করেন জমিজমা নিয়ে বিরোধ থাকায় ওই ব্যক্তিদের ফাঁসাতে তিনি আত্মগোপন করে তাঁর স্ত্রীকে দিয়ে এই মামলা করান।
রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক সাজিয়ে তাঁরা মামলা করেন। তবে তদন্তে এর আসল রহস্য উদ্ঘাটিত হয়। এ সময় কথিত অপহরণ মামলার আসামিদের ওপর হামলা চালানোর অভিযোগে নূরুল হকের স্ত্রী, ছেলে ও ভাইকে গ্রেপ্তার করা হয়।