প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ধরা!
বগুড়ার গাবতলী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে পেট্রলবোমাসহ জঙ্গি মামলায় ফাঁসাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন দুই ব্যক্তি। এ ঘটনায় পেট্রলবোমা সরবরাহকারী আরেকজনকে খুঁজছে গাবতলী মডেল থানার পুলিশ।
জঙ্গি আস্তানায় বোমা থাকার খবরে গত রোববার রাতে গাবতলী উপজেলার চকসদু গ্রামের একটি বাড়ি থেকে ১৬টি পেট্রলবোমা জব্দ করে পুলিশ। পরে সন্দেহবশত এই তথ্যের সংবাদদাতাকে জিজ্ঞাসাবাদকালে প্রতিপক্ষকে জঙ্গি মামলায় ফাঁসানোর চেষ্টার ঘটনা ফাঁস হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুজন হলেন চকসদু গ্রামের রফিকুল ইসলাম ও তালেব হোসেন। জিজ্ঞাসাবাদে প্রতিপক্ষকে জঙ্গি মামলায় ফাঁসাতে তাঁরা পুলিশকে এ খবর দেন বলে স্বীকার করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আবদুল্লাহ আল হাসান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে রফিকুল ইসলাম ও তালেব হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী জয়নাল ও তমিজ উদ্দিনের মামলা চলছিল। প্রতিপক্ষকে শায়েস্তা করতে তাঁদের জঙ্গি মামলায় ফাঁসানোর পরিকল্পনা করেন রফিকুল ও তালেব।
ওসির ভাষ্যমতে, রফিকুল ও তালেব মুঠোফোনে থানায় খবর দেন চকসদু গ্রামের তমিজ উদ্দিনের বাড়িতে জঙ্গিদের গোপন বৈঠক চলছে। সেখানে গোলাবারুদও মজুদ রয়েছে। খবর পেয়ে ভোররাতে রফিকুলকে নিয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির লোকজন গভীর ঘুমে মগ্ন। জঙ্গিদের বৈঠকের কোনো আলামত নেই। একপর্যায়ে তথ্যদাতা রফিকুল নিজেই ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে প্লাস্টিকের ব্যাগ ও ওষুধের কার্টনে রাখা ১৬টি পেট্রলবোমা ও বোমা তৈরির নানা উপকরণ বের করে নিয়ে আসেন। এতে সন্দেহ হলে রফিকুলকে জিজ্ঞাসাবাদ করতেই প্রতিপক্ষকে ঘায়েল করতে তিনি ও তালেব তমিজের ঘরে ওই পেট্রলবোমা রাখার কথা স্বীকার করেন। তাৎক্ষণিকভাবে ওই দুজনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। পরে পুলিশ বাদী হয়ে ওই দুজন ছাড়াও পেট্রলবোমা সরবরাহকারী খোকা মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক আইনে থানায় মামলা করে। গতকাল সোমবার রফিকুল ও তালেব দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।