মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামের তরুণী রেহানা বেগম (১৭) ঘুমিয়ে ছিল। এ সময় তার বাবা আছকর আলী (৪২) ছুরি দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন। পরে ব্লেড দিয়ে নিজের শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত করে হত্যাকাণ্ডের দায় প্রতিপক্ষের ওপর চাপানোর চেষ্টা চালান।
গ্রেপ্তার হওয়া আছকর আলী আজ সোমবার বিকেলে মৌলভীবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ৫ নম্বর আমলি আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য জানিয়েছেন। আছকরকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, রেহানা দরজির কাজ করত। পাশের আশ্রয়গ্রামের বাসিন্দা লাল মিয়ার (২৫) সঙ্গে বেশ কিছু দিন ধরে তার প্রেমের সম্পর্ক চলছিল। এ নিয়ে রেহানার বাবা আছকর তাঁর মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে লালের বিরুদ্ধে তিন-চার মাস আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সম্প্রতি লাল মিয়া রেহানাকে বিয়ের প্রস্তাব দেন। তবে উভয় পরিবারই এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। তবে লাল ও রেহানার মধ্যে মুঠোফোনে যোগাযোগ অব্যাহত ছিল। শুক্রবার বিকেলে রেহানার মা শাহানা ছোট মেয়ে রোকসানাকে (৪) নিয়ে পাশের হাজীপুর ইউনিয়নের কটারকোনা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। পরের দিন শনিবার বিকেলে বড় ছেলে আয়াত আলী (২০) তাঁদের আনতে ওই গ্রামে যান। তখন ঘরে শুধু আছকর ও রেহানা ছিল। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল রোববার সকালের দিকে পুলিশ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় রেহানার মরদেহ উদ্ধার করে।
এরপর আছকর পুলিশের কাছে দাবি করেন, শনিবার দিবাগত রাত তিনটার দিকে লাল মিয়ার নেতৃত্বে চার-পাঁচজন দুর্বৃত্ত ঘরে ঢুকে রেহানাকে জোর করে অপহরণের চেষ্টা চালান। বাধা দেওয়ায় তাঁরা আছকর ও রেহানাকে ছুরি দিয়ে কোপাতে থাকেন। রেহানা মারা গেলে তাঁরা চলে যান। আছকরের দেওয়া বর্ণনা অনুযায়ী ওই দিন বিকেলে তাঁর স্ত্রী শাহানা লাল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায় আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আছকরের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় রোববার রাতে আছকরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় পুলিশের কাছে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ব্লেড বের করে তিনি পুলিশের হাতে তুলে দেন। পরে সেগুলো জব্দ করা হয়। স্ত্রীর করা মামলায় আছকরকে গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতে পাঠানো হয়।
আছকরের দেওয়া জবানবন্দির বরাত দিয়ে বিনয় ভূষণ রায় বলেন, বিয়ের ব্যাপারে দুই পরিবারের অমতের কথা জেনেও রেহানা ও লাল সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে আছকর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর জের ধরে ঘুমিয়ে থাকা অবস্থায় রেহানার গলা কেটে ফেলেন তিনি (আছকর)। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তিনি ব্লেড দিয়ে নিজের শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত করেন। পরে এই হত্যাকাণ্ডের দায় প্রতিপক্ষের ওপর চাপাতে তিনি কল্পকাহিনি সাজান।
রেহানার সঙ্গে প্রেমের সম্পর্কের সত্যতা স্বীকার করে লাল মিয়া বলেন, তিনি চার দিন ধরে গাজীপুরে রয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনা ও তাঁকে ফাঁসানোর কথা শুনে তিনি বিস্মিত।