প্রতিপক্ষকে ফাঁসাতেই চাচাতো ভাই হত্যা করেন শিরিনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যই বরগুনার নলটোনা ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী শিরিন আক্তারকে (৩০) তাঁর চাচাতো ভাই আনসার মৃধা ওরফে আফাং খুন করেছেন বলে আদালতে স্বীকার করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আনসার মৃধা এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামে একই বাড়ির কাওসার হোসেন, সিদ্দিক মিয়া ও আবদুস ছত্তার মাস্টারের সঙ্গে একই বাড়ির সালেহা বেগমের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার বেলা আড়াইটার দিকে এ নিয়ে বাড়ির উঠানে বসে সালেহা বেগমের সঙ্গে কাওসার ও সিদ্দিক মিয়ার বাগ্বিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরই সালেহা বেগম ঘরে ঢুকে চিৎকার দিতে দিতে বাইরে এসে বলেন, ‘ওরা আমার মেয়েকে খুন করেছে’।
ঘটনার পর বুধবার বিকেলে বরগুনা থানার পুলিশ নিহত শিরিনের (৩০) মা সালেহা বেগম, ভাই শাহজাহান, ছোট বোন মাহফুজা ও চাচাতো ভাই আনসার মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এরপর রাতেই শিরিনের মা সালেহা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে শিরিনের চাচাতো ভাই আনসার মৃধা শিরিনকে কুপিয়ে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল তাঁকে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুম বিল্লাহর আদালতে হাজির করা হলে আনসার মৃধা হত্যাকাণ্ডে তাঁর জড়িত থাকার স্বীকার করে জবানবন্দি দেন।
আদালত সূত্র জানায়, প্রতিপক্ষ শত্রুদের ফাঁসানোর জন্য ঘরের মধ্যে প্রতিবন্ধী চাচাতো বোন শিরিনকে কুপিয়ে হত্যা করেন আনসার মৃধা। প্রথমে ধারালো দা দিয়ে একটি কোপ দিলে মৃত্যু না হওয়ায় পরবর্তী সময়ে আরও একটি কোপ দিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করেন আনসার।
বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক গতকাল বিকেলে বলেন, পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করায় খুব অল্প সময়ের মধ্যেই প্রকৃত খুনিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আনসার মৃধা ওরফে আফাং আদালতের কাছে স্বীকার করেছেন তিনি তাঁর প্রতিপক্ষ কাওসার, সিদ্দিক ও আবদুস ছত্তার মাস্টারকে ফাঁসানোর জন্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।