প্রতিপক্ষের আঘাতে কলেজছাত্র নিহত
পারিবারিক কলহের জের ধরে গত রোববার রাতে নাটোরের লালপুর উপজেলার ডেবরপাড়া গ্রামে প্রতিপক্ষের হাঁসুয়ার আঘাতে আবদুল আওয়াল (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
নিহত আবদুল আওয়াল ওই গ্রামের আরজ আলী মিস্ত্রির ছেলে এবং গোপালপুর ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র।
লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, এ ঘটনায় আরজ আলী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে গতকাল সোমবার থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকায় প্রতিবেশী আবদুল কুদ্দুসের স্ত্রী সানোয়ারা বেগম (৪৫), ছেলে মিঠুন (২২) ও আনোয়ার হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
লালপুর থানার পুলিশ সূত্র জানায়, আরজ আলীর ছাপরাঘরের জন্য মাটি দিয়ে ভিটি বাঁধাকে কেন্দ্র করে শনিবার তাঁর সঙ্গে প্রতিবেশী আবদুল কুদ্দুসের পরিবারের মধ্যে ঝগড়া হয়। এরই একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হাঁসুয়া দিয়ে আওয়ালকে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে লালপুর এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।