প্রতিপক্ষের ক্ষুরের আঘাতে সাবেক ছাত্রলীগ নেতা আহত
নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনী বাজার এলাকায় গত বুধবার রাতে প্রতিপক্ষের ক্ষুরের আঘাতে উজ্জ্বল হোসেন (২২) নামের ছাত্রলীগের সাবেক এক নেতা আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উজ্জ্বল পূর্ব ছাতনাই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে (২২) আটক করেছে।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে উজ্জ্বল কলোনী বাজার থেকে বাড়ি ফেরার পথে কলোনী বাজারের অদূরে তাঁর ওপর হামলা চালান ওই ইউনিয়নের ছাত্রলীগের অপর একটি গ্রুপের দেলোয়ার হোসেনসহ কয়েকজন যুবক। তাঁরা উজ্জ্বলের ঘাড় থেকে কোমর পর্যন্ত ক্ষুর দিয়ে লম্বা করে টান দেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনার সময় দেলোয়ার হোসেনও আহত হন। পরে উজ্জ্বল ও দেলোয়ারকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পুলিশ সেখান থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করে। উজ্জ্বলের অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।