প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেল যুবলীগ নেতার
ফেনীতে অভ্যন্তরীণ কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের কুরুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মানিক (৩০)। তিনি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও একই ইউনিয়নের কুরুচিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানান, বেশ কিছু দিন ধরে বালিগাঁও ইউনিয়নের যুবলীগের কিছু নেতা-কর্মীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জের ধরে আজ দুপুরে ইউনিয়নের ধোন সাহাদ্দা গ্রামের যুবলীগের কয়েকজন কর্মী আফতাব বিবি হাট এলাকায় গিয়ে বালিগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ওরফে উজ্জ্বল মেম্বারকে ধরে নিয়ে মারধর করেন। উজ্জ্বল মেম্বারের সমর্থকেরা এ ঘটনার জন্য দায়ী করে মোহাম্মদ মানিককে বেলা একটার দিকে তাঁকে গুলি করেন। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
ফেনী জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম মিয়াজী জানান, নিহত মোহাম্মদ মানিক বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের কথা অস্বীকার করে তিনি দাবি করেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করেছে।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান জানান, প্রতিপক্ষের গুলিতে যুবলীগ নেতা মোহাম্মদ মানিকের মৃত্যু হয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি জানান, এলাকায় পুলিশি টহল রয়েছে, পরিস্থিতি মোটামুটি শান্ত।