প্রতিপক্ষের গুলিতে যুবলীগ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী চরহোগলা গ্রামে প্রতিপক্ষের গুলিতে জামাল হোসেন (৩২) নাসের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। মেঘনার বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে আজ সোমবার এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে আজ বেলা আড়াইটার দিকে চরহোগলা গ্রামে প্রথমে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। তখন একটি পক্ষ আরেকটি পক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়লে জামাল গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত জামাল উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি হারুন অর রশিদের সমর্থক। হারুন অর রশিদের অভিযোগ, শম্ভুপুরা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ওই বালুমহাল নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। এ নিয়ে আজ নাসিরের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর নির্দেশে সমর্থকেরা তাঁর (হারুন) সমর্থকদের লক্ষ্য করে গুলি ছোড়েন।
হারুন দাবি করেন, গুলিতে সুমন মিয়া (৩৩) আলমগীর হোসেন (৩৫) ও সাইফুল ইসলাম (২৮) গুলিবিদ্ধ হন। এ তিনজন এখন নিখোঁজ।
জানতে চাইলে নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, জামালের লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর যে তিনজন গুলিবিদ্ধ নিখোঁজ বলে দাবি করা হচ্ছে, তাঁদের খোঁজার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে।