প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজনের মৃত্যুর অভিযোগ
রংপুরের বদরগঞ্জ উপজেলায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুকুল মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শেখপাড়া গ্রামের দুই ভাই মহসিন আলী ও আবদুল মতিনের মধ্যে বসতভিটার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল সকাল আটটার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। মহসিন আলীর পক্ষ নেন তাঁর আরেক ছোট ভাই মুকুল। এ সময় প্রতিপক্ষরা মুকুলের মাথায় ছুরিকাঘাত করলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে মুকুলের মৃত্যু হয়।
মতিন ও তাঁর পরিবারের লোকজন পুলিশের হেফাজতে থাকায় এ বিষয়ে কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
থানার এসআই তৈয়ব আলী বলেন, আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতিন, তাঁর স্ত্রী খাদিজা বেগম, ছেলে নাজমুল ও মোকছেদুল হক ভর্তি হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই চারজনকে আটক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।