প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার খিদ্র গোপরেখী গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুল কাদের (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, হত্যার ঘটনায় নিহত কাদেরের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে গতকাল সোমবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিরা সবাই পলাতক।
থানা-পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সূত্রে জানা গেছে, খিদ্র গোপরেখী গ্রামের বাসিন্দা আবদুল কাদেরের ভগ্নিপতি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামছুল আলমের সঙ্গে বেলকুচি উপজেলার আজুগড়া দক্ষিণপাড়ার নান্নু বিশ্বাসের পারিবারিক ও ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। গত রোববার রাতে সামছুল তাঁর শ্যালক আবদুল কাদেরসহ কয়েকজন বন্ধু নিয়ে আজুগড়া বাজারে গেলে নান্নু বিশ্বাস ও তাঁর লোকজনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি, হাতাহাতি ও সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আবদুল কাদেরকে ছুরিকাঘাত করে। তাঁকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে তিনি সেখানে মারা যান।