প্রতিপক্ষের বাড়িতে হামলা, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম চরে গত মঙ্গলবার রাতে প্রতিপক্ষের হামলায় তিন নারীসহ ছয়জন আহত হয়েছেন।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ওই উপজেলার চরশিশুয়া গ্রামের হযরত আলীর সঙ্গে একই গ্রামের মালেক টিকাদারের বিরোধ ছিল। এর জের ধরে গত মঙ্গলবার রাত দুইটার দিকে হযরত আলী তাঁর লোকজন নিয়ে মালেকদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির লোকজনকে মারধর করে এবং সাতটি গরু লুট করে।
মারধরের ঘটনায় আবদুল (৩২), হরফ আলী (৩৫), আছমা বেগম (৩০), তারা মিয়া (৪০), নাছিমা আক্তার (৩৫) ও চিন্তা বেগম (২৮) আহত হন। তাঁদের মধ্যে আবদুল ও হরফ আলীকে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইসলামপুর থানার ওসি দ্বিন-ই-আলম বলেন, হামলার ঘটনায় মালেক টিকাদার বাদী হয়ে গতকাল বুধবার থানায় একটি মামলা করেছেন। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।