নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর এলাকা থেকে গত সোমবার রাতে উদ্ধার হওয়া লাশটি শ্রমিক লীগের এক নেতার। নিহত ব্যক্তির নাম আজিজুল হক ওরফে সাইফুল (৩০)।
আজিজুল হকের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের উত্তর চণ্ডীপুর গ্রামে। তিনি এয়াকুবপুর ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এদিকে আজিজুল হককে হত্যার খবর জানাজানির পর স্থানীয় লোকজন পেয়ার আহম্মদ নামের এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। পেয়ার আহম্মদ পলাতক।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উত্তর চণ্ডীপুর গ্রামের আজিজুল হকের সঙ্গে বেশ কিছুদিন ধরে একই এলাকার পেয়ার আহম্মদের বিরোধ চলে আসছে। গত সোমবার সন্ধ্যায় পেয়ার আহম্মদ বাড়ির সামনে থেকে আজিজুলকে ডেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে আরও কয়েকজনসহ সেনবাগের দিকে যান। রাত ১০টা পর্যন্ত আজিজুল হক বাড়ি না ফেরায় তাঁকে খোঁজাখুঁজি শুরু হয়। রাত ১১টার দিকে জানা যায়, পাশের নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের পাশে রাজারামপুর গ্রামে এক যুবকের গলাকাটা লাশ পড়ে আছে। পরে আজিজুল হকের বাবা মমিনুল হক ও ভাই ফজলুল হক সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন।
সেনবাগ থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকেলে আজিজুল হকের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল আজীম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সেনবাগ থানায় মামলার প্রস্তুতি চলছে। আর অগ্নিসংযোগের ঘটনায় কোনো মামলা হয়নি।