প্রতিপক্ষের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ
শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লোকমান মাদবরের (৩৮) লাশ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এর প্রতিবাদে তাঁর সমর্থকেরা প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এতে প্রতিপক্ষের ১৫টি ঘর ভস্মীভূত হয়।
শরীয়তপুর সদর থানা সূত্র জানায়, সদর উপজেলার সন্তোষপুর গ্রামের সিরাজ মাদবরের ছেলে লোকমান মাদবর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। ঢাকার কেরানীগঞ্জ থানার পুলিশ গতকাল শনিবার দুপুর ১২টার দিকে আগানগর এলাকার একটি জঙ্গল থেকে লোকমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা প্রতিপক্ষ দুলাল ব্যাপারী, জুলহাস মাদবর, কালাচান মাদবর, সুলতান মাদবর, খোকন ব্যাপারী, জাহাঙ্গীর মাদবর ও জয়নাল মাদবরের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রতিপক্ষের ১৫টি ঘরে অগ্নিসংযোগ করে। এ সময় বাড়ির আসবাবসহ মূল্যবান জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটে।
২০০৮ সালের ২৫ জানুয়ারি লোকমানের চাচা শরীয়তপুর জেলা আওয়ামী লীগের নেতা ও চিকন্দী শরফ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সামাদ মাস্টারকে হত্যা করে দুর্বৃত্তরা। বাদীপক্ষে লোকমান এই হত্যা মামলাটি দেখাশোনা করতেন। এর পর থেকেই আসামিরা লোকমানকে নানাভাবে হুমকি দিতে থাকে।