প্রতিপক্ষের মারধরে নারী ইউপি সদস্যসহ আহত ৩
বগুড়ার ধুনট উপজেলায় প্রতিপক্ষের হামলায় চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্যসহ তিনজন আহত হয়েছেন। বাড়ির সীমানা ও ইউপি নির্বাচনের জের ধরে গতকাল বুধবার উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন চৌকিবাড়ি ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী সদস্য ও রুদ্রবাড়িয়া গ্রামের বেলাল হোসেনের স্ত্রী রেহেনা বেগম (৪৫), তাঁর ছেলে রনি রানা (২৪) ও ছেলের স্ত্রী রুবিনা খাতুন (২০)।
ইউপি সদস্য রেহেনা বলেন, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একই গ্রামের হাসেন আলীর ছেলে আবদুল মালেক ও আলতাব হোসেনের সঙ্গে তাঁর (রেহানা) বিরোধ হয়। সেই বিরোধের জের ধরেই দুপক্ষের মধ্যে বাড়ির সীমানা নিয়ে নতুন করে আবারও বিরোধ দেখা দেয়। একপর্যায়ে গতকাল সকাল আটটার দিকে মালেক ও তাঁর লোকজন রেহানার বাড়ির সীমানা কেটে কাঁটাতার দিয়ে বেড়া তৈরি করে তা দখল করার চেষ্টা চালান। এ সময় বাধা দিতে গেলে মালেক ও তাঁর লোকজনের মারধরে তিনিসহ তাঁর ছেলে রনি ও ছেলের স্ত্রী রুবিনা আহত হন। এ বিষয়ে মালেক বলেন, ‘আমার জমির সীমানা ঘেঁষে ইউপি সদস্য ঘর উত্তোলন করেছে। সেই জমির আইল কেটে পরিচর্যা ও সীমানায় গাছ লাগিয়ে বেড়া দেওয়ার সময় ইউপি সদস্য ও তাঁর ছেলে গালিগালাজ করে। এ ঘটনায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। কিন্তু এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’