প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার ১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শনিবার উপজেলার খটশিঙ্গা বাজারের পাশে এক সালিস বৈঠকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একান্নপুর গ্রামের আবু তাহের ও তাঁর ভাইদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নুরুজ্জামান তাঁদের নিয়ে খটশিঙ্গা বাজারের পাশে জামতলায় শনিবার দুপুরে বৈঠক করেন। বৈঠকের সময় বিকেল তিনটার দিকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবু তাহের (৬৮) গুরুতর জখম হন। তাঁর সন্তান ও আশপাশের লোকজন তাঁকে ইজিবাইকে করে বিকেল ছয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবু তাহেরের ছেলে এন্তাজুল হক বাদী হয়ে শনিবার রাতে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
এসআই আবু বকর সিদ্দিক বলেন, মামলার আসামি তহমিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।