প্রতিপক্ষের লোকদের হাতুড়িপেটা করলেন যুবলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক যুবলীগ নেতা এবং তাঁর লোকজন প্রতিপক্ষের ছয় ব্যক্তিকে হাতুড়িপেটা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ওই নেতার ছোট ভাইকে গ্রেপ্তার করেছে। আহত ব্যক্তিদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার কালিশুরী-ধূলিয়া সেতু এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবলীগ নেতার নাম মো. খলিলুর রহমান। তিনি ধূলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা খলিলুর রহমানের সঙ্গে ধূলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আবদুল জব্বারের বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে খলিলুর রহমানের লোকজন গতকাল সোমবার বিকেলে স্থানীয় রাবাই বাজারে প্রতিপক্ষের আব্বাস নামে এক ব্যক্তিকে মারধর করতে থাকে। কিন্তু স্থানীয় লোকজন বাধা দিলে তাঁরা একপর্যায়ে চলে যায়।
ওই ঘটনার জের ধরে আজ সকাল সাড়ে ছয়টার দিকে যুবলীগ নেতা খলিলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল প্রতিপক্ষের জলিল শেখ, ফয়সাল শেখ, সিরাজুল হক, আবুল গাজী, মো. হাবিব ও আল আমিনকে অস্ত্র ঠেকিয়ে খলিলুর রহমানের কার্যালয়ে নিয়ে আসে। এর পর খলিলুর ও তাঁর লোকেরা তাঁদের হাত-পা বেধে হাতুড়ি দিয়ে দুই পায়ে পেটায়। এর পর খলিলুরের লোকেরা আহত ছয়জনকে একটি টমটমে উঠিয়ে ইউপি চেয়ারম্যান আবদুল জব্বারের বাড়িতে পাঠিয়ে দেয়। পরে তাঁদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে যুবলীগ নেতা খলিলুর রহমান বলেন, তিনি এবং তাঁর লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত না।

এদিকে ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, সম্প্রতি খলিল ও তাঁর লোকজন কয়েক দফায় তাঁর লোকজনের ওপর হামলা করেছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। তিনি দাবি করেন, ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় থাকায় কেউ খলিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই যুবলীগ নেতার ছোট ভাই ফিরোজ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।