প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূ মারা গেছেন।
গত রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত গৃহবধূর নাম মিতু বেগম (২২)। তিনি উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মিরাজ মৃধার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের রিপন মৃধার পরিবারের সঙ্গে প্রতিবেশী ফারুক হোসেনের পরিবারের বিরোধ চলছিল।
দুই পরিবারের ছেলেমেয়েদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের সূত্রপাত হয়। গত শনিবার রাতে ফারুক হোসেনের ছেলে
জসিম তাঁর কয়েকজন আত্মীয়স্বজন নিয়ে রিপনের বাড়িতে হামলা চালান। মারধর ও হাতুড়িপেটায় রিপনের ছোট ভাই মিরাজের
স্ত্রী মিতুসহ আটজন আহত হন।
আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মিতু বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে হামলার সময় রিপনের আত্মীয় ফেরদৌস মৃধা মুঠোফোনে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন রিপন মৃধা বলেন, ‘জসিমের নেতৃত্বে তাঁর লোকজন আমাদের বাড়িতে এসে হামলা করেন। তাঁদের হাতুড়িপেটায় মিতু গুরুতর আহত হয়।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, হামলার ঘটনায় রিপন বাদী হয়ে জসিমকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।