প্রতিপক্ষের হামলায় আ.লীগ নেতাসহ পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের স্থানীয় নেতাসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বালিয়াপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে কাঞ্চনপুর ইউনিয়ন (প্রস্তাবিত) আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলীর সঙ্গে শওকত আকবরের দ্বন্দ্ব চলছিল। শওকত উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জিয়ারখী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। গতকাল সকালে সেকেন্দারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শওকতের বাড়িতে হামলা চালান। এ সময় শওকতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দেওয়া হয়। শওকতের চাচি হাসনা বেগম এগিয়ে এলে তাঁকেও কোপানো হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সেকেন্দারের এক হাত ও এক পায়ের জখম গুরুতর।
জিয়ারখী ইউপির চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা বলেন, কয়েক দিন আগে উভয় পক্ষকে ডেকে নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী মীমাংসা করে দিয়েছিলেন। তার পরও তারা এক হতে পারেনি।
আজগর আলী বলেন, মীমাংসার পরও তারা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এটা খুবই দুঃখজনক।
অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।