প্রতিপক্ষের হামলায় আ.লীগ নেতাসহ পাঁচজন আহত
কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের স্থানীয় নেতাসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বালিয়াপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে কাঞ্চনপুর ইউনিয়ন (প্রস্তাবিত) আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলীর সঙ্গে শওকত আকবরের দ্বন্দ্ব চলছিল। শওকত উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জিয়ারখী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
গতকাল সকালে সেকেন্দারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শওকতের বাড়িতে হামলা চালান। এ সময় শওকতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দেওয়া হয়। শওকতের চাচি হাসনা বেগম এগিয়ে এলে তাঁকেও কোপানো হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সেকেন্দারের এক হাত ও এক পায়ের জখম গুরুতর।
অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।