প্রতিপক্ষের হামলায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক ব্যক্তি। গতকাল শনিবার কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তৌফিকুল ইসলাম (৪২)। আহত হয়েছেন তৌফিকের ছোট ভাই রফিকুল ইসলাম (৩৮)। তাঁরা উপজেলার কোনাপাড়া গ্রামের বাসিন্দা। রফিকুল কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার জমিতে আইল তোলা নিয়ে কোনাপাড়া গ্রামের আবদুল হাই, আবদুল্লাহ্সহ কয়েকজনের সঙ্গে তৌফিকুল ও রফিকুলদের কথা-কাটাকাটি হয়। গতকাল সকালে তৌফিকুল ও রফিকুল বীজতলা তৈরির জন্য খেতে যান। এ সময় আবদুল হাই, আবদুল্লাহ্ ও তাঁদের সহযোগীরা রামদা, দা, বল্লম ও ছুরি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে তৌফিকুল ও রফিকুল আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তৌফিকুল ও রফিকুলকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তৌফিকুলকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. আল-মামুন বলেন, তৌফিকুলের মাথা, পেট, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। আহত রফিকুলের হাত-পাসহ বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।
তৌফিকুলের চাচা সিরাজুল ইসলাম বলেন, ‘হামলা চালিয়ে আমার এক ভাতিজাকে খুন ও অপরজনকে আহত করা হয়েছে। এ ঘটনার বিচার চাই।’
কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব বলেন, তৌফিকুলের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।