প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত, স্বামী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের বুরুঙ্গি গ্রামে গতকাল শুক্রবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পারুল বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আফজাল মিস্ত্রি (৫৮) গুরুতর আহত হন।

সাঘাটা থানা-পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, আফজাল মিস্ত্রির সঙ্গে একই গ্রামের নুরুল ইসলামের আড়াই শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল আটটার দিকে আফজাল মিস্ত্রির সঙ্গে নুরুল ইসলামের কথা-কাটাকাটির একপর্যায়ে নুরুল ও তাঁর লোকজন লাঠি ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আফজালের ওপর হামলা চালায়। এ সময় আফজালের স্ত্রী পারুল বেগম তাদের বাধা দিলে তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় প্রতিপক্ষের লোকজন। এতে ঘটনাস্থলেই পারুল বেগম মারা যান। এদিকে গুরুতর আহত আফজাল মিস্ত্রিকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পুলিশ পারুল বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়।