প্রতিপক্ষের হামলায় চোখ হারাল ফারুক
রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের হামলায় ওমর ফারুক (৩০) নামে এক ব্যক্তি তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। গতকাল শনিবার সকালে গেন্ডারিয়ার বাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। ফারুক বর্তমানে আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের দাবি, ওমর ফারুক নিজেই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। অভ্যন্তরীণ কোন্দলে তাঁর প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটেছে।
ওমর ফারুকের বাবা হাফিজ উদ্দিন জানান, সকাল সাতটার দিকে গেন্ডারিয়ার ৮৭/৩ ঢালকানগরের বাসা থেকে হেঁটে বাগিচা এলাকায় যাওয়ার পথে ফারুকের ওপর কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তাঁরা ফারুকের হাত-পা বেঁধে তাঁর চোখ তুলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন হাফিজ উদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখান থেকে আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
চক্ষু হাসপাতালের চিকিৎসক আনিসুর রহমান প্রথম আলোকেজানান, ফারুকের দুই চোখেই আঘাত লেগেছে। তাঁর ডান চোখটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাঁ চোখটি ক্ষতবিক্ষত হয়েছে। তবে অস্ত্রোপচারের পর আশা করা যাচ্ছে, ফারুক তাঁর বাঁ চোখ দিয়ে দেখতে পারবেন।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ওমর ফারুক নিজেই চিহ্নিত সন্ত্রাসী। তিনি প্রথম আলোকেবলেন, সান্টু ফারুক নামে এলাকায় তিনি পরিচিত। ফারুক গেন্ডারিয়ার ক্রসফায়ারে নিহত সন্ত্রাসী পিন্টুর অন্যতম সহযোগী। তাঁর নামে বেশ কয়েকটি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, কোন্দলের কারণে প্রতিপক্ষ তাঁর ওপর হামলা চালিয়েছে।
সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।