প্রতিপক্ষের হামলায় নিহত এক নারী, আহত ২
নওগাঁর মান্দা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ফেন্সি বেগম (২৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে। এ সময় তারা নিহত ফেন্সির মা নুরুন্নাহার বেগম (৫৫) ও বোন মিলি খাতুনকে (১৭) কুপিয়ে আহত করেন।
গতকাল শনিবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের অনাথ সিমলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেন্সি ওই গ্রামের মৃত সৈয়দ আলীর মেয়ে। আহত দুজনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নুরুন্নাহার বেগমের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী আইনাল হক, জামাল উদ্দিন ও গিয়াস উদ্দিনের বিরোধ চলছে। এর জের ধরে প্রায় দুই মাস আগে প্রতিপক্ষের লোকজন নুরুন্নাহারের মেয়ে মিলি খাতুনকে পিটিয়ে জখম করে। ওই ঘটনায় জামাল উদ্দিন, আবদুস সামাদ, হবিবর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। হুমকির ঘটনায় নওগাঁ আদালতে ১০৭ ধারায় আরেকটি মামলা দায়ের করেন নুরুন্নাহার বেগম। এসব ঘটনার জের ধরে প্রতিপক্ষ আইনাল হক, জামাল উদ্দিন, গিয়াস উদ্দিন, হাবিবুর রহমানসহ ১০-১২ জন গতকাল দুপুর দুটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে নুরুন্নাহারের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির ভেতরে ঢুকে ফেন্সি বেগম, নুরুন্নাহার ও মিলি খাতুনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় তারা ঘণ্টাব্যাপী বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফেন্সি বিবিকে মৃত ঘোষণা করেন।
এ সম্পর্কে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এইচ এম ইজাহারুল ইসলাম বলেন, নিহত ফেন্সির মাথায় ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহীতে পাঠানো হয়েছে। তবে নুরুন্নাহারের ডান হাতের হাড় ভেঙে গেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহত ফেন্সির লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।