প্রতিপক্ষের হামলায় পল্লিচিকিৎসক নিহত
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শনিবার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামুডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় অনিল কুমার (৫০) নামের এক পল্লিচিকিৎসক নিহত এবং অপর পাঁচজন আহত হয়েছেন।
সাদুল্যাপুর থানার পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, একটি খাসজমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে অনিল কুমারের সঙ্গে একই গ্রামের সিদ্দিক মিয়ার দ্বন্দ্ব ও মামলা চলছিল। গতকাল সকাল ১০টার দিকে সিদ্দিক মিয়া তাঁর লোকজন নিয়ে ওই খাসজমিতে ঘর নির্মাণ করতে যান। খবর পেয়ে অনিল কুমার ও তাঁর লোকজন ঘর নির্মাণে বাধা দেন। এ সময় সিদ্দিক মিয়ার লোকজন লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে অনিল কুমার ও তাঁর লোকজনের ওপর হামলা চালান। তাঁরা দা, কুড়াল, খন্তি, বেকি ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে অনিল কুমার ও তাঁর অপর পাঁচ ভাই আহত হন। গুরুতর আহত অবস্থায় অনিল কুমারকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন নিহত অনিল কুমারের ভাই অজিত কুমার (৪৫), সুমন চন্দ্র (৪৮), সঞ্জয় কুমার (১৮), লিটন কুমার (২০) ও সুশান্ত কুমার (৩৫)। তাঁদের সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে গুরুতর অজিত কুমারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল রাত সাড়ে আটটার দিকে নিহত অনিল কুমারের ভাই শৈলেশ চন্দ্র বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও নয়–দশজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, ঘটনাস্থল থেকে দা, কুড়াল, খন্তি, বেকি ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সুরপি বেগম (২৮) ও মালেকা বেগম (৫০) নামের দুই নারীকে আটক করেছে। তিনি বলেন, আটক দুই নারীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনা তদন্ত চলছে।
আহত সঞ্জয় কুমার বলেন, ওই খাসজমির মালিকানা নিয়ে আদালতে মামলা বিচারাধীন। সেই মামলার সুরাহা না হতেই সিদ্দিক মিয়া পরিকল্পিতভাবে লোকজন নিয়ে এ ঘটনা ঘটান।
ঘটনার পর থেকে সিদ্দিক মিয়া ও তাঁর পরিবারের লোকজন পলাতক। যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।