যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িখালী কুটির বাজারে আওয়ামী লীগের কর্মী ওমর আলীকে (৫০) পিটিয়ে হত্যার সঙ্গে স্থানীয় হাজিরবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজমুল আলম ওরফে লিটন জড়িত নন। অথচ তাঁকে প্রধান আসামি করে ১৫ জনের নামে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে অভিযুক্ত লিটনের পরিবারের স্বজনেরা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিটনের ছোট ভাইয়ের স্ত্রী সুফিয়া আক্তার বলেন, ‘ওমর আলীকে স্থানীয় মানুষ পিটুনি দিয়ে হত্যা করেছে। পরে ওমর আলীর স্বজনেরা আমাদের বাড়িঘরে হামলা করে তালা লাগিয়ে দিয়েছে। এ জন্য আমাদের বংশের ৩৩টি পরিবারের অন্তত ১৫০ জন মানুষ তাদের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলতাফ হোসেন ও রফিকুল ইসলামের নেতৃত্বে গ্রামে আমাদের ওপর হামলা চালানো হচ্ছে।’
অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন বলেন, ‘ইউপি সদস্য লিটনের নেতৃত্বে হাড়িখালী কুটির বাজারে প্রকাশ্যে বোমা হামলা চালিয়ে ওমর আলীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। ওই মামলা হওয়ার পর থেকে তারা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। যদিও স্থানীয় মানুষ তাদের অত্যাচারে বিক্ষুব্ধ। তারপরও আমি তাদের নিবৃত্ত করেছি। তাদের কাউকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়নি।’
এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৫ জনকে আসামি করে গত বুধবার রাতে একটি হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিরা গ্রেপ্তারের ভয়ে পালিয়েছেন। কারও বাড়িতে কেউ হামলা করেছে বলে আমাদের জানা নেই।’
থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৬ আগস্ট রাত আটটার দিকে হাড়িখালী গ্রামের কুটির বাজারে হজরত আলীর চায়ের দোকানে ওমর আলীসহ আওয়ামী লীগের স্থানীয় ১০-১২ জন কর্মী-সমর্থক বসেছিলেন। রাত নয়টার দিকে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত হাতবোমা, রামদা, লাঠিসোঁটা নিয়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থলে গিয়ে অতর্কিতে হামলা করে। প্রথমে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এরপর ওমর আলীকে ধরে রামদার উল্টো পিঠ দিয়ে পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ছাড়া বোমার আঘাত ও দায়ের কোপে ওমর আলীর ভাইপো চা দোকানি হজরত আলী, সবুজ হোসেনসহ পাঁচজন গুরুতর আহত হন। হজরত ও সবুজকে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে হাজিরবাগ ইউপির চেয়ারম্যান আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে ওই হত্যাকাণ্ড ঘটেছে। হাড়িখালী গ্রামে আওয়ামী লীগের মধ্যে দুটি পক্ষ রয়েছে। ঘটনার রাতে লিটন মেম্বার ও জিয়া মেম্বারের নেতৃত্বে হাড়িখালী কুটির বাজারে হামলা চালানো হয়েছে।’