মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার কাদিপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলনে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে তাঁর পক্ষের লোকজন গতকাল শনিবার পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছেন।
আওয়ামী লীগ ও যুবলীগের উপজেলা কমিটির একাধিক নেতা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কাদিপুর ইউনিয়ন পরিষদের চত্বরে ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ ব্যস্ততার কারণ দেখিয়ে দ্রুত বক্তব্য দিয়ে চলে যেতে চান। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সফির অনুগত নেতা-কর্মীরা রফিকুলকে টেনে মঞ্চ থেকে নামিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন।
এ সময় মঞ্চে উপস্থিত আওয়ামী লীগ ও যুবলীগের জ্যেষ্ঠ নেতারা তাঁকে (রফিকুল) উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। খবর পেয়ে রাত আটটার দিকে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুলকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনার প্রতিবাদে গতকাল বেলা দেড়টার দিকে ভূকশিমইল ইউনিয়নবাসীর ব্যানারে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রেলস্টেশন চৌমোহনায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সেখানে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, ছাত্রলীগের একাংশের উপজেলা কমিটির আহ্বায়ক কামরুল বকস প্রমুখ। বক্তারা হামলাকারীদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের পাঁচ-ছয়জন নেতা-কর্মী বলেন, কুলাউড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সফি ও রফিকুলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। নির্বাচনে সফি দলের মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। নির্বাচনে রফিকুল দলের ‘বিদ্রোহী’ প্রার্থী ও বিজয়ী মেয়র শফি আলমের পক্ষে কাজ করেন বলে সফি অভিযোগ তোলেন। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা এ কে এম সফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তাঁর (সফি) পক্ষের উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘পৌরসভা নির্বাচনে রফিকুলসহ দলের কিছু নেতা-কর্মী গোপনে বিদ্রোহী প্রার্থী শফি আলমের পক্ষে কাজ করেছিলেন। এ নিয়ে দলের অনেকের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাই ক্ষিপ্ত নেতা-কর্মীরা তাঁর (রফিকুল) ওপর চড়াও হয়ে যান।’
কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার বলেন, শুক্রবারের হামলার ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পৌর শহরে পুলিশ মোতায়েন রয়েছে।