প্রতিপক্ষের হামলায় আ.লীগ কর্মীর পা প্রায় বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় স্থানীয় আওয়ামী লীগের কর্মী খলিলুর রহমানের (৫০) পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। সোমবার সকালে উপজেলার নাঘোষা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নাঘোষা গ্রামসহ তালখড়ি ইউনিয়নের বাসিন্দারা দুটি দলে বিভক্ত। একপক্ষ স্থানীয় সাংসদ বীরেন শিকদার ও অপর পক্ষ উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনের সমর্থক। সম্প্রতি সাংসদ সমর্থিত কয়েকজন দল ভেঙে উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের পক্ষে যোগ দেন, যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে সাংসদ সমর্থক ও আওয়ামী লীগের কর্মী খলিলুর রহমানের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তাঁর বাঁ পা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া চার-পাঁচজনকে কুপিয়ে আহত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা কয়েকটি বাড়িঘরও ভাঙচুর করেছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। আর গুরুতর আহত খলিলুর রহমানসহ অন্যদের উদ্ধার করে পাঠানো হয়েছে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে। এ ঘটনায় শালিখা থানায় মামলা প্রক্রিয়াধীন।

হাসপাতালটির চিকিৎসক রেজাউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে খলিলুর রহমানের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। তবে বাঁ পায়ের রগ কেটে পা চামড়ার সঙ্গে ঝুলে থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।