মৌলভীবাজারের কুলাউড়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রলীগের সভাপতি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ উপজেলা শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করেছে।
আহত ছাত্রলীগ নেতার নাম জাকারিয়া আল জেবু (২০)। তাঁকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমেদের বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীরাও দুই ভাগে বিভক্ত। রফিকুল ইসলামের পক্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল এবং এ কে এম সফি আহমদের পক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ রয়েছেন। কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আবু সায়হামের অনুসারী। দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে জাকারিয়ার সঙ্গে নিয়াজুল তায়েফের পক্ষের মিজানুর রহমানের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মিছিল শেষে মিজানুর ও তাঁর সহযোগীরা জাকারিয়াকে ডেকে নিয়ে মারধর করে চলে যান।
জাকারিয়ার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তাঁর পক্ষের নেতা-কর্মীরা পৌর শহরের উছলাপাড়া এলাকায় অবস্থান নেন। বেলা দেড়টার দিকে একদল পুলিশ সেখানে গিয়ে একটি দোকান থেকে দুটি চাপাতি, একটি ধারালো দা ও কয়েকটি স্টিলের পাইপ জব্দ করে। এ ঘটনায় বিকেল চারটার দিকে আহত জাকারিয়ার মামা কবির উদ্দিন বাদী হয়ে মিজানুর রহমানসহ চারজনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা করেন।
কুলাউড়া থানার ওসি মো. শামীম মুসা বলেন, ‘কলেজে ছাত্রলীগের এক পক্ষ আরেক পক্ষের নেতাকে মারধর করেছে। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। দেশীয় কিছু অস্ত্রও জব্দ করা হয়েছে।’
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম বলেন, যারা জেবুর (জাকারিয়া) ওপর হামলা চালিয়েছে তারা ছাত্রলীগের কেউ নয়। তবে তাদের প্রায়ই সভাপতির সঙ্গে চলাফেরা করতে দেখা যায়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি বলেন, জেবু প্রায়ই বহিরাগতদের নিয়ে কলেজে মিছিল করেন বলে কর্মীদের অভিযোগ আছে। এ নিয়ে জেবুর সঙ্গে কর্মীদের কথা-কাটাকাটি হয়েছে শুনেছি। অথচ এটাকে হামলা সাজানো হয়েছে।