প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মোকলেছুর রহমান (৬২) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। মোকলেছুরের বাড়ি উপজেলার হরিণপালা গ্রামে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২২ নভেম্বর বিকেলে মোকলেছুরের সঙ্গে প্রতিবেশী হুমায়ুন কবিরের ঝগড়া হয়। একপর্যায়ে হুমায়ুন ও তাঁর ভাই হেমায়েতসহ সাত-আটজন মোকলেছুরকে পিটিয়ে আহত করে। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত মঙ্গলবার তিনি মারা যান। এ ঘটনায় গত ২৯ নভেম্বর মোকলেছুর রহমানের মেয়ের জামাই শহিদুল ইসলাম হুমায়ুনকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ভান্ডারিয়া থানার ওসি মতিউর রহমান বলেন, থানায় দায়ের করা মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।