প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিলপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত জাফর আলী (৬০) নামের এক ব্যক্তি আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ফুলপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফর আলীর সঙ্গে সিলিপুর গ্রামের প্রতিবেশী ও আত্মীয় সাদেকুর রহমানের জমি সংক্রান্ত বিরোধ ছিল। গত ১৯ ফেব্রুয়ারি সাদেকুর রহমান বিরোধপূর্ণ ওই জমিতে গাছ লাগাতে গেলে জাফর আলী বাধা দেয়। এতে সাদেকুর রহমানের সঙ্গে জাফর আলীর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সাদেকুর রহমানের পক্ষের কয়েকজন জাফর আলী ও তাঁর ছেলে রহমত আলীকে পিটিয়ে আহত করে। হামলায় জাফর আলীর মাথায় আঘাত লাগে। এ ছাড়া তাঁর হাত ও পা ভেঙে যায়। আহত জাফর আলীকে ওই দিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাফর আলীর মৃত্যুর পর থেকে সাদেকুর রহমান বাড়ি থেকে পালিয়েছেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা বলেন, মাথায় আঘাতের কারণে জাফর আলীর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।