প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলা সদরের কুমারপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছেন। এলাকাবাসী জানান, ডিমলা সদর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের নূর বখত ও ফজলুল হকের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। ওই বিরোধপূর্ণ জমিতে নূর বখত আমন ধানের চারা রোপণ করলে গত রোববার দুপুরে ফজলুল হকের লোকজন ওই চারা উপড়ে ফেলে। এরপর রাত আটটার দিকে ফজলুল হক লোকজন নিয়ে নূর বখতসহ পার্শ্ববর্তী তিন পরিবারের বাড়িঘরে হামলা চালায়। এতে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে লাকি আক্তার (১৪) নামের এক কিশোরীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকি নয়জনকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অহিদুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নামে ও ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামাকে আসামি করে ডিমলা থানায় মামলা করেছেন।