প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যু, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছেন স্বজনেরা। তাঁর নাম গিয়াস উদ্দিন (৬৫)। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের সুখচর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
নিহত গিয়াস উদ্দিনের শ্যালক আফছার হোসেন প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তাঁর ভগ্নিপতির বাড়ির সামনের চলাচলের পথে পানি জমে যায়। গতকাল সকালে তাঁর ভগ্নিপতি কোদাল নিয়ে বাঁধ কেটে প্রতিবেশীর পুকরের দিকে পানি সরাতে গেলে তাঁরা বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ তাঁর ভগ্নিপতিকে কোদাল দিয়ে বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গিয়াস উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা বিমান চন্দ্র আচার্য প্রথম আলোকে বলেন, সকাল ৯টা ১০ মিনিটে গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তিকে তাঁর স্বজনেরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কোদালের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁরা জানান। ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
হাতিয়ায় অবস্থান করা নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালে গিয়ে লাশ দেখেছেন। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তাই মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।